এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ, দায়িত্ব বণ্টন সম্পন্ন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শুক্রবার ১০ এপ্রিল শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এ তালিকায় কেন্দ্র তালিকা, কেন্দ্র কোড, অধিভুক্ত কলেজসমূহ, সংশ্লিষ্ট কলেজের কোড এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে নির্ধারিত ফি গ্রহণ করে জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় প্রশ্নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন এবং পরীক্ষা পরিচালনা করবেন।
প্রতিদিনের পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি উত্তরপত্র নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।
ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবে এবং পরীক্ষা শেষে সংশ্লিষ্ট সকল নথি মূল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।
এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্র হিসেবে নির্ধারিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষই কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পরীক্ষা পরিচালনার মাধ্যমে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে।