বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার ১১ জুলাই বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, দুর্গত এলাকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালনে সক্রিয় রয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।