পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানিতে ধাক্কা, সরবরাহ কমল প্রায় ১০ শতাংশ
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট পাইপলাইনে হামলার ঘটনায় দেশটির তেল সরবরাহ ও রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়েছে, দৈনিক সরবরাহ সক্ষমতা কমেছে প্রায় ৭ লাখ ব্যারেল।
বৃহস্পতিবার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হামলায় পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল তেল পরিবহন কমে গেছে। এটি সৌদি আরবের মোট তেল রপ্তানির প্রায় ১০ শতাংশের সমান।
সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক হামলায় মানিফা ও খুরাইস তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রও ক্ষতির মুখে পড়েছে, যা উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে।
এই ঘটনার পেছনে আঞ্চলিক উত্তেজনার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে বলে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জানানো হলো।
বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় ইস্ট ওয়েস্ট পাইপলাইনের গুরুত্ব অনেক বেড়েছিল। এই পাইপলাইন উপসাগরীয় উপকূল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহনের একটি বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরুর প্রাক্কালে এই হামলা আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।