আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধারকৃতদের উন্নত চিকিৎসার জন্য করাচিতে নেওয়া হয়েছে।
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গোল্ড অটাম নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযানে নামে পাকিস্তান নৌবাহিনী। পরে জাহাজটিতে থাকা ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে করাচিতে স্থানান্তর করা হয়।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে জাহাজটি কী কারণে বিপদের সংকেত পাঠিয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে উদ্ধার হওয়া নাবিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।