আলোচনার আগেই ইরানকে কড়া বার্তা ট্রাম্পের, ইসলামাবাদে বৈঠক ঘিরে বাড়ছে অনিশ্চয়তা
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ বৈঠককে সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ইরানি নেতৃত্বকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন।
শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে স্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজা হবে। বৈঠকের আগের দিন শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের নেতাদের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের শুধুমাত্র আলোচনার জন্যই টিকে থাকতে দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি অবরুদ্ধ করে সাময়িকভাবে বিশ্বকে চাপের মুখে ফেলা ছাড়া ইরানের কার্যকর কোনো কৌশল নেই। একইসঙ্গে তিনি ইরানিদের সামরিক সক্ষমতার তুলনায় প্রচারযুদ্ধে বেশি সক্রিয় বলেও মন্তব্য করেন।
এদিকে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ইতোমধ্যে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলেরও রাতের মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তান জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও নির্ধারিত সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে পরিস্থিতি জটিল হয়ে উঠছে অন্য কারণে। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই লেবাননে ইসরাইলের নতুন হামলা সংঘাতকে আবারও উসকে দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য ঘোষিত সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
একইসঙ্গে হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধও স্পষ্ট হচ্ছে, যা আলোচনার ফলাফলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, বৈঠকটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বর্তমান বাস্তবতায় এর সফলতা অনেকাংশেই নির্ভর করবে মাঠপর্যায়ের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আন্তরিকতার ওপর।