ইরান যুক্তরাষ্ট্র আলোচনা বাঁচা মরার লড়াই, বললেন শাহবাজ শরিফ
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তিনি এটিকে একপ্রকার বাঁচা মরার লড়াই বলে আখ্যায়িত করেছেন।
সংঘাত পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলেও আলোচনাটি এখনো সংবেদনশীল পর্যায়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া বৈঠককে ঘিরে এ মন্তব্য করেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, আলোচনাটি সঠিক পথে এগোচ্ছে এবং এতে অংশ নিতে উভয় পক্ষ প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একইসঙ্গে ইরান থেকেও প্রতিনিধিদল দুটি বিমানে করে যাত্রা করেছে বলে তিনি অবহিত হয়েছেন।
তবে আলোচনার আগে ইরানের পক্ষ থেকে কিছু শর্তের বিষয় সামনে এসেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, লেবানন প্রসঙ্গ এবং জব্দকৃত সম্পদ ইস্যুতে সমাধান না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে তারা অনিচ্ছুক।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাহবাজ শরিফ বলেন, আলোচনায় জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তাদের মতে, উভয় পক্ষ নিজেদের অভ্যন্তরীণ অবস্থান বিবেচনায় নানা ধরনের বক্তব্য দিচ্ছে।
তিনি আরও ইঙ্গিত দেন, আঞ্চলিক বাস্তবতা এবং মিত্রদের অবস্থান বিবেচনায় ইরান তাদের কৌশল নির্ধারণ করছে এবং এ প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক বার্তা সামনে আসছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে আলোচনার বাস্তব অগ্রগতির ওপর।