ইসরায়েলকে না থামালে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার ইঙ্গিত ইরানের
মধ্যপ্রাচ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে কড়া অবস্থান নিয়েছে ইরান।
বুধবার ৮ এপ্রিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে যদি লেবানন সীমান্তে হামলা চালানো অব্যাহত থাকে, তবে এই চুক্তি আর বহাল থাকবে না। এতে করে চলমান শান্তি প্রচেষ্টা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহর অবস্থানকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত না করলে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর হবে না।
হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, এই সংঘাতের ক্ষেত্রে লেবানন ও গাজা একই ধারাবাহিকতার অংশ এবং যে কোনো সমঝোতায় তা বিবেচনায় নেওয়া জরুরি। অন্যথায় প্রতিরোধ গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।
অন্যদিকে, ইসরায়েল স্পষ্ট করেছে যে তাদের চলমান সামরিক অভিযান এই চুক্তির আওতায় পড়ে না। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এবং দক্ষিণ লেবাননে পরিকল্পিত কার্যক্রম আগের মতোই চলবে।
যুদ্ধবিরতির ঘোষণার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে জনবহুল এলাকায় একাধিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সদ্য শুরু হওয়া কূটনৈতিক প্রক্রিয়া বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে এবং পুরো অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়তে পারে।