হরমুজ খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার সময় দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হরমুজ প্রণালি দ্রুত উন্মুক্ত না করলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার ৪ এপ্রিল, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প পূর্বঘোষিত সময়সীমা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইরানকে আগে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল প্রণালি খুলে দেওয়া বা সমঝোতায় পৌঁছানোর জন্য, যা এখন শেষের দিকে।
তিনি স্পষ্ট করে জানান, হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় রয়েছে। এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে ইরানকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
ট্রাম্পের এই বক্তব্যকে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বিশ্ববাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।