হোয়াইটচ্যাপেলের উন্নয়নে আস্থার প্রতীক হিসেবে সামনে শাহ সোহেল আমিন
লন্ডনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা হোয়াইটচ্যাপেলে উন্নয়ন, নিরাপত্তা ও জনসেবার নানা চ্যালেঞ্জের মধ্যে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
এই বাস্তবতায় এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী শাহ সোহেল আমিনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এলাকাটিতে দীর্ঘদিন ধরে বাসস্থান সংকট, অপরাধ প্রবণতা, অপর্যাপ্ত পরিচ্ছন্নতা এবং জনসেবার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব সমস্যা মোকাবেলায় কার্যকর পরিকল্পনা ও জনসম্পৃক্ত নেতৃত্বের গুরুত্ব তুলে ধরছেন সংশ্লিষ্টরা।
শাহ সোহেল আমিন একজন আইনজীবী, সংগঠক ও সাহিত্যিক হিসেবে বহুমাত্রিক পরিচয়ে সুপরিচিত। লেখালেখি ও সংস্কৃতিচর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রমে যুক্ত আছেন। বিভিন্ন ঘরানায় তার বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং সৃজনশীল কাজের মাধ্যমে তিনি আলাদা পরিচিতি অর্জন করেছেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। ফোর্ড স্কয়ার এলাকায় পেভমেন্ট উন্নয়ন, পার্ক সংস্কার, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদারের মতো উদ্যোগ বাস্তবায়িত হয় তার সময়েই।
নিরাপত্তা জোরদারে তার ভূমিকা বিশেষভাবে আলোচিত। অপারেশন কন্টিনিউমের আওতায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অপরাধ দমনে কার্যক্রম পরিচালিত হয়, যেখানে একাধিক অভিযানে অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এতে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।
স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবে তিনি সাধারণ মানুষের সমস্যার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত। তার অঙ্গীকারের মধ্যে রয়েছে সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করা, নিরাপদ পরিবেশ গড়ে তোলা, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং জনসেবা উন্নত করা।
আসন্ন নির্বাচনে তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। একই সঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র পদে লেবার পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম। হোয়াইটচ্যাপেল এলাকায় কাউন্সিলর পদে আরও প্রার্থী হিসেবে রয়েছেন ফারুক আহমদ ও কামরুন্নাহার শাহজাহান।
এই প্রার্থী প্যানেলকে ঘিরে লেবার পার্টি অভিজ্ঞতা ও সমন্বিত নেতৃত্বের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
শাহ সোহেল আমিন জানিয়েছেন, বিভাজন নয় বরং সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও বাসযোগ্য হোয়াইটচ্যাপেল গড়ে তোলাই তার লক্ষ্য। স্থানীয়দের মতে, আসন্ন নির্বাচন এলাকার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।