ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার
ইরানের আকাশে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষ গণমাধ্যম।
শনিবার ৪ এপ্রিল ওয়াশিংটনভিত্তিক সূত্রের বরাতে প্রকাশিত খবরে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিমানটিতে দুইজন ক্রু ছিলেন। তাদের মধ্যে একজনকে মার্কিন বিশেষ বাহিনী সফলভাবে উদ্ধার করেছে, তবে অপরজনকে উদ্ধারে এখনো অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনাস্থল ঘিরে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভূপাতিত বিমানটি এফ ১৫ই মডেলের যুদ্ধবিমান, যেখানে একজন পাইলট এবং একজন অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা দায়িত্ব পালন করেন। অন্যদিকে সিএনএন এর বিশ্লেষণে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবির ভিত্তিতে এটিকে এফ ১৫ ধরনের বিমান বলেই ধারণা করা হয়েছে, যদিও কিছু ইরানি সূত্র এটিকে এফ ৩৫ বলে দাবি করেছিল।
ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উদ্ধার অভিযানের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে প্রকাশিত ছবি ও ভিডিওতে ওই এলাকায় মার্কিন হেলিকপ্টারসহ বিভিন্ন উড়োজাহাজকে নিচু উচ্চতায় টহল দিতে দেখা গেছে।
গণমাধ্যমগুলোর মতে, চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এটিই প্রথম নিশ্চিত ঘটনা হতে পারে।