জ্বালানি সংকটেও প্রতিবেশীদের পাশে ভারত, সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা
বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা অব্যাহত রেখেছে ভারত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বৃহস্পতিবার ৩ এপ্রিল এক বক্তব্যে তিনি বলেন, নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি ভারত প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা চালু থাকবে।
তিনি জানান, বাংলাদেশকে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ করে আসছে ভারত এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক চুক্তির আওতায় এই সহযোগিতা অব্যাহত রয়েছে।
এছাড়া সম্প্রতি শ্রীলঙ্কাকে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোপণ্য সরবরাহ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে নেপাল ও ভুটানের সঙ্গেও জ্বালানি সহযোগিতা চলমান রয়েছে।
মালদ্বীপ সরকারের পক্ষ থেকেও স্বল্প ও দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেই অনুরোধ সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
তবে মরিশাস ও সেশেলসের সঙ্গে যোগাযোগ থাকলেও এসব দেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাওয়া যায়নি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরের বিষয়টি চূড়ান্ত হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ভারতের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।