ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়ল মীর জাফরের বংশধররা
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঐতিহাসিক ব্যক্তিত্ব মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার সময় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। এতে তাদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পেয়ে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও শুনানির পর অধিকাংশের নাম স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে।
ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাব হন মীর জাফর। বর্তমানে তাঁর ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ পরিবারের সদস্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করছেন। অভিযোগ অনুযায়ী, তাদের অনেকের নামই সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন পরিবারটির সদস্যরা।