কাতারে বাংলাদেশের সংহতি বার্তা, আমিরের কাছে প্রধানমন্ত্রীর পত্র হস্তান্তর
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের রাজধানী দোহায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন।
শনিবার ২৮ মার্চ তিনি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে পাঠানো একটি সংহতিপত্র হস্তান্তর করেন।
এর আগে বিশেষ দূত হিসেবে সরকারি সফরে দোহায় পৌঁছান তিনি এবং আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয় ওই বার্তায়।
প্রধানমন্ত্রী পত্রে কাতারে বসবাসরত প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কাতারের প্রয়োজনের সময় পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।
পত্রে অতীতে চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সহায়তা প্রদানের জন্য কাতারের আমিরের মানবিক উদ্যোগের কথাও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরকালে তিনি কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন এবং সাম্প্রতিক এক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানান।
এ সময় তিনি দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে প্রবাসীদের কল্যাণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক আরও গতিশীল হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া সফরের অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশে পররাষ্ট্র উপদেষ্টার যাওয়ার সম্ভাবনা রয়েছে।