ইরানের পর কিউবা হতে পারে পরবর্তী লক্ষ্য, ট্রাম্পের মন্তব্যে নতুন উদ্বেগ
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পরবর্তী সম্ভাব্য লক্ষ্য হিসেবে কিউবার নাম উল্লেখ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ২৭ মার্চ সৌদি আরবে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সাম্প্রতিক সামরিক অভিযান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা হয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহার করা হয়, এরপর কিউবা নিয়ে মন্তব্য করে তিনি ইঙ্গিত দেন যে দেশটি ভবিষ্যতে লক্ষ্যবস্তু হতে পারে। তবে বক্তব্যের পরপরই তিনি তা হালকা করে মিডিয়াকে বিষয়টি গুরুত্ব না দেওয়ার অনুরোধ জানান।
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, তখন এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে কিউবাও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থান নিয়েছে। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ ধরনের মন্তব্য কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।