ইরানকে ড্রোন সহায়তা দিচ্ছে রাশিয়া, বাড়ছে যুদ্ধ পরিস্থিতির জটিলতা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে ইরানকে সহায়তা দিতে ড্রোনের একটি চালান পাঠিয়েছে রাশিয়া, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা জানান, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত প্রযুক্তির ভিত্তিতে তৈরি উন্নত ড্রোন এই চালানে অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারির হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে ইরান ইসরাইল, উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক ড্রোন হামলা চালিয়ে আসছে। যদিও ইরানের নিজস্ব ড্রোন সক্ষমতা রয়েছে, বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন, তবুও প্রযুক্তিগত উন্নয়নের জন্য রাশিয়ার সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ চলাকালে এই ধরনের ড্রোন প্রযুক্তির উন্নয়ন ঘটায় রাশিয়া, যেখানে উন্নত নেভিগেশন সক্ষমতা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের মধ্যে ড্রোন স্থানান্তর নিয়ে উচ্চ পর্যায়ে সক্রিয় আলোচনা হয়েছে। তবে এটি এককালীন সহায়তা নাকি ধারাবাহিকভাবে চলবে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এই চালানের পরিমাণ বা এর কৌশলগত গুরুত্ব এখনো পরিষ্কার নয়। অন্যদিকে আরেক ইউরোপীয় কর্মকর্তা মনে করেন, সীমিত সংখ্যক ড্রোন সরবরাহ যুদ্ধের সামগ্রিক ফলাফলে বড় ধরনের পরিবর্তন আনবে না।
বিশ্লেষকদের মতে, তেহরানকে উন্নত ড্রোন দেওয়ার পেছনে মস্কোর কৌশলগত উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট নয়। কারণ একই সময়ে ইউক্রেন যুদ্ধে এসব সরঞ্জামের প্রয়োজন থাকা সত্ত্বেও তা অন্যত্র সরবরাহ করা হচ্ছে।
এ অবস্থায় রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।