যুক্তরাষ্ট্রজুড়ে নো কিংস বিক্ষোভ, ট্রাম্পবিরোধী আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে লাখো মানুষের অংশগ্রহণে দেশজুড়ে বড় ধরনের গণআন্দোলনের চিত্র দেখা গেছে।
শনিবার ২৮ মার্চ দেশটির বিভিন্ন বড় শহরে নো কিংস শিরোনামে আয়োজিত এই কর্মসূচি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এবং আগের মতো এবারও ব্যাপক সাড়া ফেলে।
বিক্ষোভকারীরা জানান, যুদ্ধ পরিস্থিতি, অভিবাসন আইন কঠোর প্রয়োগ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন নীতির প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রে ক্ষমতা জনগণের হাতে থাকা উচিত, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আধিপত্য নয়।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে লিনকন মেমোরিয়াল এলাকাকে কেন্দ্র করে বড় সমাবেশ গড়ে ওঠে, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। একই সঙ্গে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলসসহ অন্যান্য বড় শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিউ ইয়র্কের টাইম স্কয়ার এলাকায় বিপুল জনসমাগমের কারণে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ ব্যবস্থা নিতে হয়।
মিনেসোটা অঙ্গরাজ্যে আয়োজিত সমাবেশটি বিশেষ গুরুত্ব পায়, যেখানে সাম্প্রতিক অভিবাসন অভিযানে নিহত দুই নাগরিককে স্মরণ করে হাজারো মানুষ স্টেট ক্যাপিটলের সামনে জড়ো হন।
এ সমাবেশে সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন অংশ নিয়ে একটি গান পরিবেশন করেন, যা আন্দোলনের প্রতীকী প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়।
বিশ্লেষকদের মতে, দেশজুড়ে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও নীতিগত বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে।