চোখের বদলে চোখ নয়, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, সাম্প্রতিক হামলার পর আগের মতো প্রতিক্রিয়া নয়, বরং ভিন্ন ধরনের জবাব দেওয়া হবে।
চলমান সংঘাতের ২৮তম দিনে আইআরজিসির এয়ারোস্পেস কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি এক বার্তায় বলেন, ইরানের উৎপাদন স্থাপনায় হামলার পর পরিস্থিতি আর পূর্বের নীতিতে সীমাবদ্ধ থাকবে না।
তিনি উল্লেখ করেন, অতীতে বিভিন্নভাবে ইরানকে পরীক্ষা করা হয়েছে এবং সাম্প্রতিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। এসব ঘটনার পর প্রতিক্রিয়ার ধরনে পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দেন তিনি।
মুসাভি বলেন, পরিস্থিতি এখন নতুন সমীকরণে যাচ্ছে এবং এর ফলাফল সময়ই বলে দেবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের উচিত সম্ভাব্য ঝুঁকি এড়াতে নিজ নিজ কর্মস্থল থেকে দূরে সরে যাওয়া।
সাম্প্রতিক এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, সংঘাত আরও জটিল দিকে এগোতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।