লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার ২৬ মার্চ আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৭১ সালের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আসমা মতিন, জান্নাতুল ফেরদৌস ডলি ও দীপা হক। আলোচনায় অংশগ্রহণ করেন আহবাব হোসেইন, অধ্যাপক সাজিদুর রহমান, মুহাম্মদ সালেহ আহমদ, মির্জা আবুল কাসেম, এ রহমান অলি, নাহিদ জায়গীরদার, শেখ মোফাজ্জল হোসেন, শফিক আহমদ রাজিব ও সার্জেল আহমদসহ অনেকে।
বক্তারা বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন, যা স্বাধীন বাংলাদেশের সূচনার প্রতীক। তারা উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞ বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারেনি, বরং সেখান থেকেই মুক্তির সংগ্রাম আরও জোরদার হয়।
বক্তারা আরও বলেন, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও অসংখ্য আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বিজয়ের ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬ মার্চের ঘোষণার মধ্য দিয়ে। প্রবাসে বসবাস করেও এই দিনটি বাঙালির চেতনায় গভীরভাবে প্রোথিত রয়েছে বলে তারা উল্লেখ করেন।
এছাড়া ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। অনুষ্ঠানজুড়ে স্বাধীনতার চেতনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আবহ বিরাজ করে।