খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবিত অবস্থায় তোলা শেষ ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হওয়ার অল্প সময় আগে ছবিটি ধারণ করা হয়।
শুক্রবার ২৭ মার্চ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ছবিটি তোলা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে, যা হামলা শুরুর মাত্র ২০ মিনিট আগে।
প্রকাশিত ছবিতে খামেনিকে একটি সোফায় বসে কোরআন তিলাওয়াত করতে দেখা যায়। তার পাশে রাখা একটি টেবিলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির নিহত কমান্ডার কাসেম সোলেইমানির একটি ফ্রেমবন্দি ছবি রয়েছে।
এছাড়া কাছাকাছি একটি শেলফে আরও দুটি ছবি দেখা যায়, যার একটি ইরানের ইসলামি বিপ্লবের প্রধান নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির।
রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ছবিটি খামেনির জীবনের শেষ মুহূর্তগুলোর একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করে, যা দেশটির সাম্প্রতিক ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ করেছে।