যুদ্ধ থামাতে উদ্যোগ, ট্রাম্পের সঙ্গে পাক সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ ফোনালাপ
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে, এর অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
রবিবার ২২ মার্চ দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এই ফোনালাপে চলমান সংঘাত ও সম্ভাব্য সমাধানের পথ নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
কূটনৈতিক মহলের ধারণা, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হতে পারে এবং সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদের নাম আলোচনায় রয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেও জানা গেছে।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।
তবে ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আলোচনার খবরকে ভুয়া বলে উল্লেখ করেছেন এবং ওয়াশিংটনের প্রতি আস্থাহীনতার কথাও তুলে ধরেছেন।
প্রায় এক মাস ধরে চলা এই সংঘাতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে পাকিস্তানসহ ওমান, তুরস্ক ও মিসরসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।