হরমুজ প্রণালি ইস্যুতে চাপেও অবস্থান বদলাবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক চাপ ও উত্তেজনার মধ্যেও নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হুমকি ইরানকে প্রভাবিত করতে পারবে না।
রোববার ২২ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, হরমুজ প্রণালি বন্ধ নয় এবং জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা ইরানের কারণে নয়।
তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে জাহাজ চলাচলে দ্বিধা তৈরি হয়েছে মূলত বীমা কোম্পানিগুলোর উদ্বেগের কারণে, যা চলমান সংঘাতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তার মতে, এ পরিস্থিতির জন্য ইরান নয় বরং যুদ্ধ পরিস্থিতিই দায়ী।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো ধরনের হুমকি ইরানের ওপর প্রভাব ফেলবে না এবং দেশটির অবস্থান অপরিবর্তিত থাকবে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে তারা কঠোর অবস্থান বজায় রাখবে এবং বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে না।