ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমানকে সফলভাবে আঘাত
বিশ্বের অন্যতম অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মার্কিন এফ ৩৫ স্টেলথ ফাইটার প্রথমবারের মতো আকাশযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার ইরানের আকাশে একটি অভিযানের সময় ইরানি ক্ষেপণাস্ত্রে যুদ্ধবিমানটি আঘাতপ্রাপ্ত হয়।
পরে যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। তবে কোন ঘাঁটিতে সেটি অবতরণ করেছে তা স্পষ্ট করা হয়নি।
এই ঘটনা দেখিয়েছে যে রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমানও উন্নত সেন্সর ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা সম্ভব।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইরানে অভিযান শেষে একটি এফ ৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত অবস্থায় আঞ্চলিক একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট স্থিতিশীল আছেন।
যদিও ঘটনার সুনির্দিষ্ট সময় ও বিস্তারিত তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি, তবে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এটিই প্রথম কোনো মার্কিন ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা মধ্য ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে।
ঘটনাটি চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।