প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত ৭৫
ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
ইসরাইলি গণমাধ্যমের খবরে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সামরিক বাহিনী অন্তত দুইবার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এতে দেশটির আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। এছাড়া ৫ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা।
ইসরাইলের ফায়ার সার্ভিস জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনের মাঝখানে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পরিস্থিতি মোকাবিলায় আরাদের একটি হাসপাতাল জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং বহু আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ইসরাইলের শিক্ষা মন্ত্রণালয় রোববার ও সোমবার সারা দেশে সরাসরি ক্লাস বন্ধ ঘোষণা করেছে। আরাদ ও দিমোনায় ধারাবাহিক হামলায় প্রায় ১০০ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।
সূত্র: আলজাজিরা, দ্য জেরুজালেম পোস্ট