ইরানের তেল বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা ও সরবরাহ সংকট মোকাবিলায় ইরানের তেল বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার ২১ মার্চ সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে খালাস ও বিক্রি করা যাবে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় যে চাপ তৈরি হয়েছে, তা কমাতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
তবে এই অনুমোদন নতুন কোনো তেল ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কেবল আগে থেকেই পরিবহনরত তেল বিক্রির সুযোগ থাকবে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিলেও এর তাৎক্ষণিক প্রভাব কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে এ নিয়ে আশঙ্কা রয়েছে, এতে ইরানের অর্থনৈতিক কার্যক্রমে কিছুটা গতি আসতে পারে।
এদিকে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব আরও গভীর হতে পারে।