ইসরায়েলের তেল শোধনাগারে হামলায় ‘নাসরাল্লাহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি আইআরজিসির
ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে হামলায় নতুন ধরনের ‘নাসরাল্লাহ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি।
সংস্থাটি জানায়, চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে আশদোদ ও হাইফা এলাকার তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এ অভিযানে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে মাল্টি ওয়ারহেড বিশিষ্ট উন্নত প্রযুক্তির নাসরাল্লাহ ক্ষেপণাস্ত্র।
আইআরজিসি আরও দাবি করেছে, একই অভিযানে কাদর, খেইবার শেকান, এমাদ ও হাজ কাসেমসহ বিভিন্ন ধরনের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া মধ্য পাল্লার কিয়াম ও জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় হাইফা, কারমেল ও গোলান মালভূমি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপদ বাংকার থেকে ব্রিফিং করেন।
হামলার প্রভাব পড়ে ইসরায়েলের বিমান চলাচলেও। বেন গুরিয়ন বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। কয়েকটি এয়ারলাইন নির্ধারিত সময়ের সব ফ্লাইট বাতিল করেছে।
এদিকে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমানবন্দর ও সীমান্ত এলাকায় দেশত্যাগে আগ্রহীদের দীর্ঘ লাইন দেখা গেছে বলে জানা গেছে।