ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলারের প্রস্তাবে আপত্তি মার্কিন সিনেটরের
মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক ব্যয়ের প্রস্তাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশটির এক সিনেটর বিপুল অঙ্কের এই অর্থ বরাদ্দের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন।
বৃহস্পতিবার ১৯ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনের প্রেক্ষিতে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন জানান, ইরান যুদ্ধের জন্য বিপুল অর্থ ব্যয়ের উদ্যোগ তিনি সমর্থন করেন না। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন সম্ভাব্য যুদ্ধ পরিচালনার জন্য ২০০ বিলিয়ন ডলারের বেশি তহবিল চাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এমন একটি সংঘাতের জন্য এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন তা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও শক্তিশালী করছে না বলে তিনি মনে করেন।
তিনি আরও উল্লেখ করেন, চলমান উত্তেজনা প্রশমনে সামরিক ব্যয় বৃদ্ধি নয়, বরং বিকল্প পথ খুঁজে বের করাই প্রয়োজন। একই সঙ্গে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক মানুষের জীবন রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন ইতোমধ্যে হোয়াইট হাউসের কাছে এই তহবিল অনুমোদনের প্রাথমিক অনুরোধ জানিয়েছে, যা পরবর্তীতে কংগ্রেসে উপস্থাপন করা হতে পারে। তবে চূড়ান্তভাবে কত অর্থ অনুমোদনের জন্য তোলা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
বিষয়টি নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য সিদ্ধান্তের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।