উত্তর কোরিয়ায় পার্লামেন্ট নির্বাচনে প্রায় শতভাগ ভোট পেয়ে জয়ী কিমের দল
মঙ্গলবার ১৫ মার্চ অনুষ্ঠিত উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্ররা বিপুল ভোটে জয় লাভ করেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে শাসক জোট পেয়েছে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট। খুব সামান্য সংখ্যক ভোটার প্রার্থীদের বিপক্ষে মত দিয়েছেন বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রায় সবাই শাসক দলের সমর্থিত ছিলেন এবং প্রায় সব আসনেই তারা জয়ী হয়েছেন।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার নির্বাচন ব্যবস্থা মূলত প্রতীকী হলেও উচ্চ ভোটার উপস্থিতি ও ফলাফলকে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়।
নির্বাচনের মাধ্যমে গঠিত ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি শিগগিরই তাদের প্রথম অধিবেশন শুরু করবে। সেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং সংবিধান সংশোধনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, আসন্ন অধিবেশনে রাষ্ট্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদ নির্বাচন এবং নীতিনির্ধারণী বিষয়গুলো আলোচনায় আসবে।