একদিনে ইরানের চার শীর্ষ নেতা নিহত, শোকাচ্ছন্ন তেহরান
ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় একদিনে ইরানের চারজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। এতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে রয়েছেন জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি, গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।
প্রেসিডেন্ট নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এই ঘটনাকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, লক্ষ্যভিত্তিক অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা হয়েছে। পরে ইরানও একে একে এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, মঙ্গলবার রাতে তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে একাধিক শীর্ষ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামো বড় ধরনের চাপে পড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই এ ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।