যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন একাধিক সূত্র।
মঙ্গলবার ১৭ মার্চ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জানা যায়, মধ্যস্থতাকারী দুই দেশের মাধ্যমে তেহরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তা গ্রহণ না করে কঠোর অবস্থান নিয়েছে ইরান।
একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানান, সাম্প্রতিক এক বৈঠকে সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে অনড় অবস্থান ব্যক্ত করেন। যদিও ওই বৈঠকে তার সরাসরি উপস্থিতি ছিল কি না, তা নিশ্চিত করা হয়নি।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে শান্তির কোনো সুযোগ নেই। পরাজয় স্বীকার এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আলোচনায় আগ্রহী নয় তেহরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।