ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করেছে ইসরাইল। এতে দেশটির গুরুত্বপূর্ণ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ১৭ মার্চ আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে এ তথ্য জানা যায়।
ইসরাইল জানিয়েছে, সাম্প্রতিক এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে।
সংঘাত শুরুর পর থেকে ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর প্রকাশ পায়।
এ ছাড়া প্রথম দফার হামলায় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ, বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রাহিম মুসাভি নিহত হন বলে জানানো হয়েছে।
পরিস্থিতি বিশ্লেষকদের মতে, শীর্ষ নেতৃত্বে এই ধরনের ক্ষয়ক্ষতি সংঘাতকে আরও জটিল ও দীর্ঘমেয়াদি করে তুলতে পারে।