মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর ২০ মার্চ হওয়ার সম্ভাবনা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, অধিকাংশ আরব দেশে একই দিনে ঈদ পালিত হতে পারে।
মঙ্গলবার ১৭ মার্চ আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ বিষয়ে সম্ভাব্য তারিখ তুলে ধরেন।
তিনি জানান, এ বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন পড়তে পারে ২০ মার্চ।
এই পূর্বাভাস অনুযায়ী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ওই দিন ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।
চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ২৯তম রমজানের দিন আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। ফলে রোজা পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকবে এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেবে।