মার্কিন রণতরিকে সহায়তাকারী স্থাপনাগুলোতে হামলার হুমকি ইরানের
লোহিতসাগরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে ইরান। একই সঙ্গে ওই রণতরিকে যেসব কেন্দ্র কারিগরি সহায়তা বা অন্যান্য পরিষেবা দেবে, সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।
রোববার ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, লোহিতসাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড ইরানের জন্য সরাসরি হুমকিস্বরূপ। তাই এ রণতরিকে সহায়তা প্রদানকারী যে কোনো কারিগরি বা পরিষেবা কেন্দ্র ইরানের দৃষ্টিতে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।
খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি গুরুত্বপূর্ণ শাখা। সংস্থাটি বিভিন্ন সামরিক ইউনিটের কার্যক্রম সমন্বয়, অভিযান পরিকল্পনা এবং সামরিক কৌশল নির্ধারণের দায়িত্ব পালন করে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সতর্কবার্তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।