সৌদিতে যুক্তরাষ্ট্রের পাঁচটি বিমানে হামলা চালাল ইরান
সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং বিমানে হামলা চালিয়েছে ইরান। হামলায় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুইজন মার্কিন কর্মকর্তা।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহকারী পাঁচটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে। এই ঘটনায় কেউ নিহত হয়নি বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় এক হাজার তিনশ মানুষ নিহত এবং দশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় বিভিন্ন দেশকে লক্ষ্যবস্তু করছে।