ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে তথ্য দিলে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে।
শনিবার ১৪ মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষণায় মোজতবা খামেনির পাশাপাশি আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি, নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি, সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব।
মার্কিন কর্মকর্তাদের দাবি, তালিকাভুক্ত এসব ব্যক্তি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন শাখার নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গে যুক্ত। ওয়াশিংটনের মতে, এই সংস্থাটি বিশ্বজুড়ে বিভিন্ন সংবেদনশীল অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের নেটওয়ার্ক বা অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তা প্রদান করা যেতে পারে। তথ্যের গুরুত্ব ও নির্ভুলতার ওপর ভিত্তি করে পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হবে।
বিশ্লেষকদের মতে, ইরানে নেতৃত্ব পরিবর্তনের পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এই ঘোষণাকে সেই উত্তেজনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।