হরমুজ প্রণালীতে জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, আগুন লাগার ঘটনা
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস।
শুক্রবার ১৩ মার্চ সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালী এলাকায় চলাচলরত একটি জাহাজে অজানা কোনো প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়। এতে জাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে একটি রিপোর্ট তারা পেয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে হামলার উৎস বা দায়ী পক্ষ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও আশপাশের সমুদ্রপথে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এ পরিস্থিতি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম প্রকাশ্য বক্তব্যে মোজতবা খামেনি হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অব্যাহত রাখার কথা বলেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে এই অঞ্চলের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।