ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসনের নোটিশ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে অভিশংসনের নোটিশ জমা দিয়েছে বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসসহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সংসদ সদস্যরা এই উদ্যোগে অংশ নিয়েছেন।
শুক্রবার ১৩ মার্চ বিরোধী দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৯৩ জন সংসদ সদস্য নোটিশটিতে স্বাক্ষর করেছেন। এতে অভিযোগ করা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি।
নোটিশে বিশেষভাবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নামে ভোটার তালিকা সংশোধন কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ঘটেছে এবং বিপুলসংখ্যক মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ও আইনি বিরোধ ইতোমধ্যে তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে বিরোধী দলগুলোর অভিশংসনের নোটিশকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের ফলে পশ্চিমবঙ্গে প্রায় ৬৩ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়া আরও প্রায় ৬০ লাখ ভোটারের নাম বর্তমানে যাচাই প্রক্রিয়ায় রয়েছে। আসন্ন সম্পূরক তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতের সংবিধান অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের জন্য অভিশংসনের নোটিশ জমা দিতে হলে লোকসভার কমপক্ষে ১০০ জন অথবা রাজ্যসভার অন্তত ৫০ জন সংসদ সদস্যের স্বাক্ষর প্রয়োজন। নোটিশ গ্রহণ করা হলে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেন।