ইরানে হামলা অব্যাহত থাকবে, সময়সীমা নেই বললেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুদ্ধের মেয়াদ নিয়ে নতুন বার্তা দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নির্দিষ্ট কোনো সময়সীমা ছাড়াই চলতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকে।
বুধবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, চলমান এই যুদ্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যতদিন প্রয়োজন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও দ্য টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি নেতৃত্ব মনে করছে যৌথ অভিযানের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক চাপ বজায় রাখা প্রয়োজন।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে এবং সাম্প্রতিক ঘটনাবলীর কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পর্যবেক্ষকদের মতে, এ ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।