রাশিয়ার তেল কেনার সুযোগ চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অনুরোধ
দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং অর্থনীতিকে সহায়তা দিতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের মতো একই ধরনের অস্থায়ী ছাড় বাংলাদেশকেও দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরা হয়েছে।
বুধবার ১১ মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় জ্বালানি সহযোগিতা, বাণিজ্য এবং বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। সেই আলোচনায় রাশিয়ার তেল কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরা হয়েছে।
মন্ত্রী জানান, ভারত ইতোমধ্যে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে অস্থায়ী ছাড় পেয়েছে। একই ধরনের সুযোগ বাংলাদেশকেও দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, যদি ভারতের জন্য এমন সুযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জন্যও বিষয়টি বিবেচনা করা উচিত।
তিনি আরও জানান, বাংলাদেশের এই অনুরোধ ইতোমধ্যে ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে শক্তিশালী জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের অনুরোধটি ওয়াশিংটনে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখানে থেকেই জানানো হবে।
বৈঠকে সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।