তারেক রহমানকে আবারও প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আবারও প্রকাশ্য ও উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটি পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি বিতর্কের মাধ্যমে উভয় দল নিজেদের নির্বাচনি ইশতেহার জাতির সামনে তুলে ধরতে পারে, যাতে জনগণ সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।
৬ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সরকারের বৈধতা প্রতিষ্ঠিত হয়। ন্যায়বিচার ও জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনের ফল দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্যতা পায় না বলেও তিনি মত দেন।
তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর দেশের তরুণ প্রজন্মের সামনে একটি বড় দায়িত্ব এসেছে। সেই দায়িত্ব হলো রাজনীতি যে সভ্য, সহনশীল ও অহিংস হতে পারে, তা প্রমাণ করা। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যম ও জনগণের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনব্যবস্থার রূপরেখা স্পষ্ট করা জরুরি বলে মনে করেন তিনি।
জামায়াত আমিরের মতে, ভবিষ্যৎ রাজনীতি হতে হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ। তিনি বলেন, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে রাজনৈতিক কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরছেন, তাই সরাসরি আলোচনার মাধ্যমে জাতির সামনে উভয় দলের অবস্থান স্পষ্ট করা সময়ের দাবি।
ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উন্মুক্ত বিতর্ক জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়াবে এবং একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।
শেষে তিনি বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাই জনগণের ইচ্ছা ও রায়ের প্রতি সম্মান জানাবে, আর সেই সম্মান থেকেই জন্ম নেবে আগামীর ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন।