এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দলটির আমিরসহ কয়েকজন সিনিয়র নেতার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শনিবার মধ্যরাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এর আগে শনিবার রাতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। পরে তা উদ্ধার করা হয়। তিনি বলেন, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার নামে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো ভুয়া ও মনগড়া।
এক্সে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান আরও জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।