সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা চলছে, অভিযোগ নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি।
বৃহস্পতিবার মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে এনসিপি প্রার্থী প্রীতম দাসের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে জেলা এনসিপির আয়োজনে জনসভাটি অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, একটি দল একসময় সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল। এখন নির্বাচনের মাঠে এসে বলছে মামলা তুলে নেবে। তিনি এটিকে কূটকৌশল উল্লেখ করে বলেন, ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি আরও দাবি করেন, ওই দল তাদের ঘোষিত ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
একইদিন সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস রোডে নরসিংদী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারোয়ার তুষারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, গণঅভ্যুত্থানে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার দাবি করা হয়েছিল, একটি দল সেই দাবির শুরুতেই বিরোধিতা করে আসছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী আমলে ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৫ আগস্টের পর এখন আর তারা সেই অবস্থানে নেই।
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, যারা আওয়ামী লীগ হতে চায় এবং আন্তর্জাতিক মিডিয়ায় যারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে, তাদের ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: Zoom Bangla News