ভুয়া জরিপের মাধ্যমে রাজনৈতিক বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিএনপি নেতা শামসুজ্জামান দুদু
ভুয়া জরিপ এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় নির্বাচন: প্রবাসী ও ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, দেশ একটি সংকটময় সময় পার করছে এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। তিনি জানান, স্বল্প সময়ের প্রচারণা পর্ব দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র ও স্বাধীনতাকে ভিত্তি করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরোধিতা করার কথা উল্লেখ করেন তিনি।
দুদু অভিযোগ করেন, গত দেড় বছরের বেশি সময় ধরে একটি পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে, যেখানে একটি নির্দিষ্ট দল রাষ্ট্রক্ষমতায় যেতে পারে—এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে প্রকাশিত বিভিন্ন জরিপকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।
চারটি প্রতিষ্ঠানের করা জরিপের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সেখানে দাবি করা হয়েছে বিএনপি ও একটি দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ওই দলের ভোট উল্লেখযোগ্যভাবে বাড়ার কথা বলা হয়েছে। তিনি এই ধরনের হিসাব ও যুক্তির বিষয়ে প্রশ্ন তোলেন এবং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক তৎপরতা ও নেতাকর্মীদের ওপর দমনপীড়নের প্রসঙ্গ উল্লেখ করেন