আজ বিকালে সিইসির সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বৈঠক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দাবি করে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের প্রক্রিয়ায় ত্রুটি থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। এসব বিষয় নিয়েই আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে।