জয় ও পলকের অব্যাহতি চেয়ে আইনজীবীদের শুনানি আজ ট্রাইব্যুনালে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বৃহস্পতিবার এ শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার গ্রেপ্তার আসামি জুনায়েদ আহমেদ পলককে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলকের পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী লিটন আহমেদ। অপরদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম শুনানি করবেন।
এর আগে গত ১১ জানুয়ারি পলকের আইনজীবী কিছু আবেদন দাখিল করে শুনানির জন্য সময় চান। এর মধ্যে আসামির সঙ্গে আইনজীবীর গোপন যোগাযোগ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর ধারাবাহিকতায় আজ প্রসিকিউশনের আনা অভিযোগ গঠন প্রশ্নে শুনানির পাশাপাশি আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন উপস্থাপন করা হবে।
প্রসিকিউশন জয় ও পলকের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই গভীর রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনার ভিত্তিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধারাবাহিকভাবে তিনটি পোস্ট দেন জুনায়েদ আহমেদ পলক। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়, উভয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সহিংসতা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে উসকানি দেওয়া হয়। এর ফলে বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় ২৮ জন নিহত হন বলে অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগে বলা হয়, উত্তরা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে সহায়তা ও প্ররোচনার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় কয়েকজন নিহত হন।
গত ১১ জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই দিন তিনটি অভিযোগই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় এবং আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়।
সূত্র
আমারদেশ