আবার কমলো জেট ফুয়েলের দাম, লিটারে কমেছে প্রায় ৪০ টাকা
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ পরিচালনায় ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দামে বড় ধরনের হ্রাস আনা হয়েছে।
শনিবার ২৪ মে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হবে। সংশোধিত দরে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ৩৯ টাকা ৫৭ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির মূল্য কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক রুটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ মে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছিল। তবে তারও আগে ৭ এপ্রিল প্রায় ২৫ টাকা এবং ২৪ মার্চ প্রায় ৯০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়।
বিইআরসির কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের শুনানিতে আন্তর্জাতিক বাজারে ৫ মে থেকে ২১ মে পর্যন্ত জ্বালানির গড় মূল্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের বিদ্যমান মূল্য বিবেচনায় নিয়ে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।