দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান
আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কর্মমুখী ও বাস্তবভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার ২৮ জুলাই রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
দিনাজপুর সাংবাদিক সমিতি ঢাকা আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৬ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। দিনাজপুর থেকে ঢাকায় উচ্চশিক্ষার জন্য আসা এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি এবং দ্য ডেইলি অবজারভার পত্রিকার সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান।
মন্ত্রী বলেন, শুধু প্রচলিত ও মুখস্থনির্ভর শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের প্রযুক্তি, বাস্তব জ্ঞান এবং কর্মদক্ষতা অর্জনের পাশাপাশি সময়ানুবর্তিতা ও সৃজনশীলতা চর্চা করতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় যুক্ত করতে সরকার কাজ করছে। অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেও সরকার কার্যক্রম পরিচালনা করছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা সমিতি ঢাকার সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, মফস্বল থেকে ঢাকায় আসা শিক্ষার্থীদের সঠিক পথনির্দেশ দিতে নিয়মিত মেন্টরশিপ কার্যক্রম প্রয়োজন। পরিবেশ ও কৃষির উন্নয়নে সরকারের খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি দিনাজপুর অঞ্চলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান।
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। নতুন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে অবদান রাখার জন্যও তিনি তরুণদের উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, দিনাজপুরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংগঠনটি পাশে থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, করপোরেট ব্যক্তিত্ব ও বিসিএস ক্যাডার কর্মকর্তারা প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা, বিসিএস প্রস্তুতি এবং নতুন উদ্যোগ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন।
সেমিনারে বাংলাদেশ ব্যাংক ও তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, নিউরোসায়েন্স হাসপাতালের সার্জন, বিভিন্ন খাতের উদ্যোক্তা, বিশিষ্ট ব্যক্তি এবং দিনাজপুরের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।
দিনাজপুর সাংবাদিক সমিতির নেতারা অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তরুণদের শিক্ষা, দক্ষতা ও কর্মজীবন উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানান।