সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা ত্রিপলের ছাউনিতে নির্মিত কথিত নামাজের স্থানসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গণপূর্ত অধিদপ্তর। রোববার ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে যৌথ অভিযানে স্থাপনাগুলো অপসারণ করা হয়।
অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উদ্যানের ভেতরে ত্রিপলের ছাউনি দিয়ে একটি নামাজের স্থান তৈরি করা হয়। সেখানে ওজুর জন্য পানিভর্তি ড্রাম রাখা হয়েছিল এবং নামাজের জায়গা নির্দেশ করে একটি সাইনবোর্ডও স্থাপন করা হয়। একই সঙ্গে সেখানে মসজিদ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের কার্যক্রম চলছিল। শুক্রবার কয়েকজন মুসল্লি সেখানে জামাতে নামাজ আদায় করলে বিষয়টি জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, রাজীব শাহ নামের এক ব্যক্তি ওই নামাজের স্থান তৈরির উদ্যোগ নেন।
পরিস্থিতি পর্যালোচনার পর গণপূর্ত মন্ত্রণালয় উদ্যানে গড়ে ওঠা নামাজের স্থানসহ সব অবৈধ স্থাপনা অপসারণের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অভিযানের আগে গত বৃহস্পতিবার সংশ্লিষ্টদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল।