দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ ব্যক্তিদের পরিবর্তে দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। রোববার ২৬ জুলাই বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
আখতার হোসেন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগের বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হলেও সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। তাঁর দাবি, সম্প্রতি ১২টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারীদের নিয়োগ দেওয়া হয়েছে, যা নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে পাওয়া জনমত বাস্তবায়নে সরকার আগ্রহ দেখাচ্ছে না।
তিনি আরও বলেন, যোগ্যতা ও নিরপেক্ষতার পরিবর্তে দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক নিরপেক্ষতা, আইনের শাসন এবং গণতান্ত্রিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে সুশাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে এনসিপির নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধ হয়নি। তাঁর দাবি, বর্তমানে এসব কার্যক্রম বিএনপির নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এবং এ বিষয়ে তারেক রহমানের ভূমিকাও প্রশ্নের মুখে রয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও বাস্তবে তাঁর সেই সাহস নেই। দেশে ফিরলে তাঁকে আইনের মুখোমুখি হতে হবে বলেও দাবি করেন তিনি।
এর আগে একই দিন দুপুর ২টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই পদযাত্রা ও শহীদদের স্মরণে শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে শহীদ মিনার থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।