দেড় মাস পর আবার ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
দীর্ঘ দেড় মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে, যা সামষ্টিক অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।
বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের শুরুতে রিজার্ভ ৩৫ বিলিয়নের ওপরে থাকলেও আকু বিল পরিশোধের পর তা কমে প্রায় ৩৪ বিলিয়ন ডলারে নেমে আসে।
পরবর্তীতে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং ব্যাংকগুলোর কাছ থেকে ডলার ক্রয়ের মাধ্যমে রিজার্ভ আবারও বাড়তে শুরু করে। গত দুই দিনে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১২ কোটি ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫৬১ কোটি ডলার ক্রয় করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে ব্যাংকগুলোর মধ্যে ডলার নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছিল। এতে আগাম আমদানি বিল পরিশোধের প্রবণতা বাড়ে এবং বাজারে ডলারের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়।
বর্তমানে সেই চাপ কমে আসায় ডলারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং বাজারে মূল্যও স্থিতিশীলতার দিকে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক আবারও বাজার থেকে ডলার সংগ্রহ শুরু করেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে এবং বৈদেশিক লেনদেনের চাপ নিয়ন্ত্রিত থাকলে রিজার্ভের এই ইতিবাচক ধারা আরও শক্তিশালী হতে পারে।