পুঁজিবাজার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির বৈঠক
পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
বৈঠকে পুঁজিবাজারের সার্বিক কাঠামো, নিয়ন্ত্রক ব্যবস্থা এবং বাজারের বর্তমান ইকোসিস্টেম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। পাশাপাশি বাজার উন্নয়নে কমিশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও অর্জনের বিষয়ও তুলে ধরা হয়।
এ সময় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পুঁজিবাজার শক্তিশালী করার ভবিষ্যৎ পরিকল্পনাও বিশেষ সহকারীকে অবহিত করা হয়।
বৈঠকে তানভীর গনি পুঁজিবাজারের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং সাম্প্রতিক সংস্কার কার্যক্রম ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতের উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের আলোচনার মাধ্যমে পুঁজিবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।